অবশেষে মায়ের কোলে ১৩ মাসের শিশু, স্বামীর ঘরে ফিরলেন রুমি
সংগৃহীত
মোঃ জুয়েল কাজী, নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
দীর্ঘদিনের পারিবারিক বিরোধের অবসান ঘটিয়ে অবশেষে ১৩ মাসের শিশুকে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে রুমি আক্তারও ফিরে গেছেন স্বামীর ঘরে। প্রশাসনের উদ্যোগ ও স্থানীয়দের সহযোগিতায় এ ঘটনায় পরিবারটিতে ফিরে এসেছে স্বস্তি।
গত ১ অক্টোবর বিকেল ৩টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে উভয় পক্ষের উপস্থিতিতে আলোচনার মাধ্যমে বিষয়টির মীমাংসা করা হয়। ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসানের সহযোগিতায় দীর্ঘদিনের পারিবারিক বিরোধের অবসান ঘটে।
মীমাংসার সময় উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মমিনুর রহমান, বিএনপি নেতা তালুকদার মুরাদ হোসেন, ভাঙ্গা থানার একজন প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে রুমি আক্তার তার ১৩ মাসের শিশুকে নিয়ে দীর্ঘদিন ধরে নানা সমস্যার মধ্যে ছিলেন। এ পরিস্থিতিতে শুরু থেকেই তার ও শিশুটির পাশে থেকে সার্বিক সহযোগিতা করেন সাংবাদিক রাসেল তালুকদার। তিনি নগরকান্দা রিপোর্টার্স ক্লাবের সদস্য এবং দৈনিক ডেসটিনি পত্রিকার নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি।
পরবর্তীতে বিষয়টি প্রশাসনের নজরে এলে ভাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে উভয় পক্ষকে নিয়ে আলোচনা করা হয়। আলোচনার মাধ্যমে বিরোধের অবসান ঘটিয়ে শিশুটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে রুমি আক্তারকে স্বামীর ঘরে ফিরে যাওয়ার ব্যবস্থা করা হয়।
শিশুকে ফিরে পেয়ে এবং রুমি আক্তার স্বামীর ঘরে ফিরে যাওয়ায় পরিবারটির মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয়রা এ উদ্যোগকে মানবিক ও ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে বলেন, পারিবারিক বিরোধের মতো সংকটপূর্ণ পরিস্থিতিতে প্রশাসন ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের সহযোগিতা অসহায় মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
মানবিকতার জয় হোক—অসহায় মানুষের পাশে দাঁড়াক সমাজ।
এমকে/বিএম২৪









