বিএনপি ছেড়ে এখন পাগলও অন্য দলে যাবে না : গয়েশ্বর চন্দ্র রায়
ডেস্ক রিপোর্টঃ
বিএনপি ছেড়ে এখন আর কেউ অন্য কোনো দলে যাবে না বলে মন্তব্য করেছেন ঢাকা-৩ (কেরানীগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী বাবু গয়েশ্বর চন্দ্র রায়।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নে এক নির্বাচনী গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, কেরানীগঞ্জে তার দল ছেড়ে কেউ অন্য দলে যায়নি। যারা নামসর্বস্ব দলে যোগ দিয়েছে, তাদের বিষয়ে খোঁজ নিয়ে দেখার আহ্বান জানান তিনি। তিনি বলেন, বিএনপি বহু দুর্দিন পার করে এসেছে। এই অবস্থায় কেউ নামসর্বস্ব দলে যোগ দেবে—এটা সম্পূর্ণ স্ট্যান্ডবাজি ছাড়া কিছুই না।
তিনি আরও বলেন, তার পরিবার পুড়ছে, দক্ষিণ কেরানীগঞ্জে বিএনপি নেতাকর্মীরা হামলা ও মামলার শিকার হয়েছেন। তবুও তারা চান ভোটাররা যেন ভোটকেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারেন। এটাকেই তিনি তাদের সার্থকতা বলে উল্লেখ করেন।
নির্বাচনের ফলাফল নিয়ে এখনো ভাবছেন না জানিয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জয়-পরাজয় নিয়ে চিন্তা না করে তারা শুধু চান ভোটাররা যেন ভোট দিতে গিয়ে কোনো কষ্ট না পান এবং সেই সুষ্ঠু ভোটের পরিবেশ আবার ফিরে আসে।
বা/মে২৪/ফা









