আপনার পাশের লোকদের সৎ হতে হবে তবেই শহীদদের রক্তের শোধ হবে -প্রধানমন্ত্রীকে জাবি ভিসি

প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬, ১১:১৬ পিএম
আপনার পাশের লোকদের সৎ হতে হবে তবেই শহীদদের রক্তের শোধ হবে -প্রধানমন্ত্রীকে জাবি ভিসি

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্তঋণ শুধু আলোচনা সভা, বড় বড় বক্তৃতা কিংবা বই লিখে শোধ হবে না। শহীদদের রক্তের শোধ করার ক্ষেত্রে প্রথমেই প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্য বলবো আপনার আশেপাশের লোকদের প্রথমে সৎ হতে হবে। 


সোমবার (২৭ জুলাই) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের সেমিনার কক্ষে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় ছাত্রশক্তি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ আয়োজিত "জুলাই: রক্তঋণের উত্তরাধিকার" শীর্ষক আলোচনা সভা, লেখা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, "আপনার আশেপাশের লোকজনকে সৎভাবে কাজ করতে হবে। তবেই রাষ্ট্র প্রধান হিসেবে জুলাইয়ের শহীদদের রক্তের ঋণ শোধ হবে। পাশাপাশি শুধু নিজেকে সৎ দাবি করলেই হবে না, ব্যক্তিজীবনেও সততার চর্চা থাকতে হবে।"


তিনি আরও বলেন, "সব দল ও সংগঠনে নৈতিক নেতৃত্ব গড়ে তুলতে হবে। আমাদের একটাই অঙ্গীকার হওয়া উচিত 'আমি যা বলি, তা-ই করব।' তাহলেই শহীদদের রক্তের ঋণ কিছুটা হলেও শোধ করা সম্ভব হবে।"


নিজের সভাপতিত্ব নিয়ে সম্ভাব্য সমালোচনার প্রসঙ্গ টেনে উপাচার্য বলেন, "অনেকে প্রশ্ন করতে পারেন, জাতীয় ছাত্রশক্তির অনুষ্ঠানে উপাচার্য কেন সভাপতিত্ব করছেন। আমার কাছে জুলাই কোনো সংগঠনের বিষয় নয়, এটি একটি চেতনা। আমাকে যদি শুধু একজন অংশগ্রহণকারী হিসেবেও ডাকা হতো, তবুও আমি একই আনন্দ নিয়ে উপস্থিত হতাম।"


জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে তিনি বলেন, "জুলাই আমার কাছে অনির্ধারিত, প্রস্তুতিহীন একজন মানুষের উপাচার্য হিসেবে দায়িত্ব পালনের ইতিহাস। রাত গভীরে ভাঙা গাড়িতে আতঙ্ক নিয়ে টকশো থেকে ফেরার ইতিহাস। তাই কে আয়োজন করল, সেটি নয়; আলোচনার বিষয়বস্তুই আমার কাছে গুরুত্বপূর্ণ।"