অসহায় মাদ্রাসা শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন চিতলমারী ইউএনও

প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬, ১০:৩৮ পিএম
অসহায় মাদ্রাসা শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন চিতলমারী ইউএনও

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি: 

মানবিক দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বাগেরহাটের চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার। ব্যক্তিগত উদ্যোগে এক দরিদ্র মাদ্রাসা শিক্ষার্থীর জন্য প্রায় ২৩ হাজার টাকা মূল্যের প্রয়োজনীয় কিতাব কিনে দিয়ে তিনি শিক্ষাজীবন অব্যাহত রাখতে সহায়তা করেছেন।


সহায়তা পাওয়া শিক্ষার্থী হাফেজ মো. মাহদী মোল্লা উপজেলার চর কুরালতলা গ্রামের বাসিন্দা এবং দিনমজুর মাগফুর রহমান মোল্লার ছেলে। তিনি মাদারীপুরের মিয়াপাড়া কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস বিভাগের ছাত্র।


পারিবারিক আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় কিতাব সংগ্রহ করতে না পেরে তিনি পড়াশোনা চালিয়ে যেতে হিমশিম খাচ্ছিলেন। পরে বাবাকে সঙ্গে নিয়ে ইউএনওর সঙ্গে দেখা করে নিজের সমস্যার কথা জানান।


শিক্ষার্থীর পরিস্থিতি শুনে ইউএনও খাদিজা আক্তার কোনো ধরনের বিলম্ব না করে সরকারি বরাদ্দের পাশাপাশি নিজের ব্যক্তিগত তহবিল থেকেও অর্থ ব্যয় করে ২০টি কিতাবের সম্পূর্ণ সেট কিনে দেন।


সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে মাহদী ও তার বাবার হাতে বইগুলো তুলে দেওয়া হয়।


এ সময় মাহদী ও তার পরিবারের সদস্যরা ইউএনওর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় শিক্ষানুরাগীরা বলেন, একজন প্রশাসনিক কর্মকর্তার এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে এবং শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে।


উল্লেখ্য, চিতলমারীতে দায়িত্ব গ্রহণের পর থেকে ইউএনও খাদিজা আক্তার শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবিক সহায়তামূলক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।