বিমানে নয়, দুই উপায়ে ফিরতে পারেন শেখ হাসিনা
নিজস্ব প্রতিবেদক
আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফিরতে চান ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে রাষ্ট্রীয় বিমানে তাঁর দেশে ফেরার প্রত্যাশা নাকচ করে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানিয়েছেন, প্রত্যর্পণ ছাড়া কোনো আসামিকে দেশে ফেরার সুযোগ দেওয়া হবে না। শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হলে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যেই আনতে হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কারও প্রত্যাশা থাকতেই পারে, কিন্তু প্রত্যাশা আর বাস্তবতা এক নয়। প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে দেশে ফিরতে দেওয়া হবে না। কেউ স্বপ্ন দেখতে পারেন যে হেঁটে কিংবা বিমানে বাংলাদেশে চলে আসছেন। কিন্তু বাস্তবতা ভিন্ন।
হুমায়ুন কবির আরও বলেন, শেখ হাসিনা সাধারণ কোনো বাণিজ্যিক যাত্রী নন। তাঁকে দেশে ফিরিয়ে আনা হলে কেবল হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মাধ্যমেই ফিরিয়ে আনা সম্ভব।
এর আগে মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা। এ জন্য পাসপোর্টের পাশাপাশি বাংলাদেশ সরকারের কাছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমানের ব্যবস্থা চেয়েছেন তিনি।
রয়টার্সকে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী জানান, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি উড়োজাহাজে করেই শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এবার দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও বাংলাদেশ সরকারের কাছে বিমান পরিবহনের ব্যবস্থা চেয়েছেন তিনি।
প্রতিবেদনে বলা হয়, এবারই প্রথম দেশে ফেরার বিষয়ে নির্দিষ্ট কোনো তারিখ জানিয়েছেন শেখ হাসিনা। তাঁর এ ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি পরিস্থিতিতে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।









