তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প, নিহত অন্তত ১৬

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ১২:২৪ পিএম
তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প, নিহত অন্তত ১৬

সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক


তিব্বতের একটি পার্বত্য অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে তিন শতাধিক বাড়িঘর। বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার পাশাপাশি ভূমিধসে বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি সড়ক।


শুক্রবার (২৩ অক্টোবর) চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।


প্রতিবেদন অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল তিব্বতের নাগকু অঞ্চলের বাকেন এলাকায়। এ ছাড়া কামদো ও নিংচি শহরেও শক্তিশালী কম্পন অনুভূত হয়।


ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। তিন শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে, ভূমিকম্পের পর সৃষ্ট ভূমিধসে বিভিন্ন সড়ক বন্ধ হয়ে যাওয়ায় দুর্গম পার্বত্য এলাকায় উদ্ধারকারী দলগুলোর পৌঁছাতে বেগ পেতে হচ্ছে।


এর আগে ২০২৩ সালে চীনের গানসু প্রদেশে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে ১২০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।


এ ছাড়া দুই মাসেরও কম সময় আগে হিমবাহ ধস, বন্যা ও ভূমিধসে তিব্বত ও নেপালের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। ওই ঘটনায় অন্তত ১ হাজার ৪০০ জনের মৃত্যু এবং শত শত মানুষের নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়।


উল্লেখ্য, তিব্বত চীনের কঠোরভাবে নিয়ন্ত্রিত অঞ্চলগুলোর একটি। সেখানে বিদেশি গণমাধ্যমকর্মীদের প্রবেশের ক্ষেত্রে বিভিন্ন বিধিনিষেধ রয়েছে।


সূত্র: বিবিসি


এমকে/বিএম২৪