বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৪
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের বহুল আলোচিত আইনজীবী অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্ত (৪২) হত্যা মামলার প্রধান আসামিসহ চারজনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। হত্যাকাণ্ডের প্রায় ৫০ ঘণ্টার মধ্যে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে তাদের আটক করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২৭ জুলাই) দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার।
তিনি বলেন, গত ২৫ জুলাই দিবাগত রাতে আদালতের কার্যক্রম শেষে মোটরসাইকেলে নিজ বাড়িতে ফেরার পথে সদর উপজেলার হাড়িখালী এলাকার তেতুলতলা মোড়ে দুর্বৃত্তদের হামলার শিকার হন অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্ত। হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর নিহতের পরিবারের দায়ের করা হত্যা মামলার তদন্তে নামে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে গঠিত একটি বিশেষ দল। তদন্তের একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তা ও ধারাবাহিক অভিযানের মাধ্যমে সদর উপজেলার পিসি ডেমা এলাকা থেকে প্রধান আসামি শেখ মুরাদ (৪১), আবু তাহের দীপ ওরফে দিপু (২৯), মো. হাফিজুর রহমান (৪৮) এবং শিপন শেখ (২৮)-কে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারের সময় প্রধান আসামি শেখ মুরাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি আধুনিক ছোরা উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপার আরও জানান, আসামিদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে। রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যার নেপথ্যের কারণ, পরিকল্পনা এবং এ ঘটনায় অন্য কোনো ব্যক্তি জড়িত আছে কি না, সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আশা করছে তদন্ত সংশ্লিষ্টরা।








