অনলাইন ক্যাসিনো সম্রাট মোস্তাক গ্রেপ্তার, ল্যাপটপ ও মোবাইল জব্দ

প্রকাশিত: ০৮ জুন ২০২৬, ০৪:৩১ পিএম
অনলাইন ক্যাসিনো সম্রাট মোস্তাক গ্রেপ্তার, ল্যাপটপ ও মোবাইল জব্দ

মোঃ কাজল ইসলাম,  কুড়িগ্রাম সদর প্রতিনিধি:

ভুরুঙ্গামারীতে পুলিশের এক বিশেষ অভিযানে মোস্তাক মিয়া (৩৪) নামের এক কুখ্যাত অনলাইন ক্যাসিনো সম্রাটকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ অভিযান চালিয়ে আটকৃত মোস্তাকে কাছ থেকে নগদ ২৯ হাজার টাকাসহ ক্যাসিনো বা অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত ৫টি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ জব্দ করেন।

রবিবার (৭ জুন) কুড়িগ্রাম ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের বীর বারুইটারি গ্রামে মধ্যরাতে কাস্টমস মোড় এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত মোস্তাক মিয়া একই গ্রামের আব্দুল মালেকের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, এসআই সাইফুল ইসলাম ও এএসআই আবু সাইদ সুজনের নেতৃত্বে তথ্য প্রযুক্তিতে দক্ষ পুলিশের একটি চৌকস দল এই সাঁড়াশি অভিযান পরিচালনা করে। মোস্তাক মিয়া কাস্টমস মোড় এলাকায় নিজস্ব বিকাশ ও নগদ এজেন্টের দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে ১০ থেকে ১১টি অনলাইন জুয়ার ওয়েবসাইট পরিচালনা করে আসছিলেন বলে জানা যায়। এসব জুয়ার ওয়েবসাইট ব্যবহার করে জুয়াড়ি সদস্যরা তার মাধ্যমেই মূলত টাকা অবৈধ লেনদেন করতেন।

স্থানীয়রা জানান, সাম্প্রতি সময়ে ভুরুঙ্গামারী উপজেলার প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও ক্যাসিনো জুয়ার ভয়াবহ আকার ধারণ করেছে। কয়েকজন মাফিয়া জুয়াড়ির প্রলোভনে পড়ে সর্বস্ব হারাচ্ছেন স্থানীয় তরুণ, যুবকসহ প্রান্তিক ও খেটে খাওয়া সাধারণ মানুষ। অনলাইন জুয়ার কবলে পড়ে শত শত অসহায় পরিবার হয়ে পড়েছেন। এমন পরিস্থিতিতে পুলিশের এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।

ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন-২০২৬ এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করার প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার অনুযায়ী মাদক, জুয়া ও চোরাকারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। এ সকল অপরাধের সাথে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।