সমালোচনায় শালীনতা বজায় রাখার আহ্বান জামায়াত আমির ডা. শফিকুর রহমানের
ডেস্ক রিপোর্টঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সমালোচনা করার অধিকার অবশ্যই সবার আছে, তবে কোনো অবস্থাতেই তা শালীনতার সীমা অতিক্রম করা উচিত নয়।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
পোস্টে জামায়াত আমির বলেন, “প্রিয় সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্প্রতি ভোটের মাঠে কাজ করতে গিয়ে অনেকেই একে অপরকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে পারেন।”
তিনি আরও বলেন, সমালোচনা অবশ্যই যুক্তি ও শালীনতার সঙ্গে হওয়া উচিত। এমন কোনো ভাষা প্রয়োগ করা মোটেই কাম্য নয়, যে ভাষা নিজের ক্ষেত্রে বা অন্যের ক্ষেত্রে প্রয়োগ করলে কেউ আহত বোধ করেন। এমনকি প্রিয় কোনো মানুষকে রুচিবহির্ভূতভাবে সমালোচনা করা হলেও তার জবাব হওয়া উচিত উত্তম ভাষায় ও যুক্তিপূর্ণভাবে। এটাই আমাদের শিক্ষা।
পোস্টের শেষাংশে ডা. শফিকুর রহমান বলেন, “আশা করি, আমার এই সামান্য পরামর্শটুকু সবাই যথাযথ গুরুত্ব দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করুন। আমিন।”
বা/মে২৪/ফা









