গর্ত থেকে বিকাশ এজেন্টদের টাকা উদ্ধার, গ্রেপ্তার ২
ডেস্ক রিপোর্টঃ
চাঁদপুরে বিকাশের এজেন্টদের কাছে বিতরণের কথা থাকা ৯ লাখ টাকা আত্মসাতের চেষ্টার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে অভিযুক্তের বাড়ির মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় ওই টাকা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ।
গ্রেপ্তারকৃতরা হলেন—চাঁদপুর সদর উপজেলার উত্তর ইচুলী এলাকার আব্দুর রহমান গাজী বাড়ির মো. দুলাল গাজীর ছেলে বিকাশের এসআর মো. রাব্বি (২২) এবং একই এলাকার দেলোয়ার হোসেন গাজীর ছেলে ও তার সহযোগী ফরহাদ হোসেন (২১)।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, মেসার্স দিবা এন্টারপ্রাইজ ডিস্ট্রিবিউটর বিকাশ লিমিটেডের ডিএসও মো. রাব্বি গত ৫ ফেব্রুয়ারি সকালে চাঁদপুর পৌরসভার ওয়ান মিনিট এলাকার ঢাকা ব্যাংক চাঁদপুর শাখা থেকে অফিসের সুপারভাইজারের মাধ্যমে ৯ লাখ টাকা উত্তোলন করেন। ওই টাকা সদর উপজেলার বিভিন্ন এলাকায় বিকাশ এজেন্টদের কাছে বিতরণের কথা ছিল।
কিন্তু টাকা নিয়ে বের হওয়ার পর রাব্বি হঠাৎ নিখোঁজ হন। পরে তিনি অফিসে ফোন করে নিজেকে অপহরণের শিকার বলে জানান। ঘটনার পরদিন ৫ ফেব্রুয়ারি চাঁদপুর সদর মডেল থানায় পরিবেশকের ম্যানেজার মনির হোসেন তালুকদার একটি সাধারণ ডায়েরি (জিডি নং–২৬৭) করেন।
পুলিশ তদন্তে নেমে রাব্বিকে জিজ্ঞাসাবাদ করলে তিনি অপহরণ ও হামলার ঘটনাটি সাজানো বলে স্বীকার করেন। পরে তার দেখানো মতে বসতঘরের মাটির নিচে পুঁতে রাখা প্লাস্টিকের ব্যাগ থেকে ৯ লাখ টাকা উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে সদর মডেল থানার এসআই কালাম গাজী ও সঙ্গীয় ফোর্স এই উদ্ধার অভিযান পরিচালনা করেন।
ওসি মো. ফয়েজ আহমেদ জানান, অভিযুক্তরা বিকাশ ডিস্ট্রিবিউটরের টাকার দায়িত্বে থেকে বিশ্বাসভঙ্গ ও প্রতারণার মাধ্যমে আত্মসাতের চেষ্টা করেছিল। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত টাকা জব্দ করা হয়েছে এবং মামলাটি তদন্তাধীন রয়েছে।
বা/মে২৪/ফা









