পুঠিয়ায় যাত্রীবাহী বাসে ডিএনসি’র হানা: ২৪ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার
ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়া উপজেলায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২৪ রাউন্ড পিস্তলের গুলিসহ মো. দুলাল মিয়া (৩৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৫টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের শিবপুর কলাহাটা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত দুলাল মিয়া চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার পাঁচচৌকা এলাকার মো. আয়ুব আলীর ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে পুঠিয়ার বানেশ্বর ইউনিয়নের শিবপুর কলাহাটা এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ‘একতা’ নামের একটি যাত্রীবাহী বাসকে থামিয়ে তল্লাশি শুরু করেন গোয়েন্দারা।
তল্লাশিকালে বাসের যাত্রী দুলাল মিয়ার আচরণ সন্দেহজনক মনে হলে তার দেহ তল্লাশি করা হয় এবং সেখান থেকে ২৪ রাউন্ড তাজা পিস্তলের গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক উদ্ধারকৃত গুলির কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতে, চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে প্রায়ই অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ এই মহাসড়ক ব্যবহার করে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে পাচার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকের পাশাপাশি অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতেও নিয়মিত মহাসড়কে নজরদারি বৃদ্ধি করেছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জব্দকৃত গোলাবারুদসহ তাকে পুঠিয়া থানায় হস্তান্তরের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
বা/মে২৪/ম









