২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, প্রতীক ‘শাপলা কলি’

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬, ১২:১২ এএম
২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, প্রতীক ‘শাপলা কলি’

ডেস্ক রিপোর্টঃ

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমঝোতার ভিত্তিতে পাওয়া ৩০টি আসনের মধ্যে ২৭টিতে প্রার্থী ঘোষণা করেছে। বাকি তিনটি আসনে শিগগিরই প্রার্থী চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে দলটি।

রোববার এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে ২৭ আসনের প্রার্থীদের নাম ও ছবি সংবলিত পোস্টার প্রকাশ করা হয়। পোস্টারগুলোতে প্রার্থীদের পক্ষে ‘শাপলা কলি’ প্রতীকে ভোট চাওয়া হয়েছে।

ঘোষিত প্রার্থীদের মধ্যে ঢাকা–১১ আসনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, রংপুর–৪ আসনে সদস্যসচিব আখতার হোসেন, কুমিল্লা–৪ আসনে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, পঞ্চগড়–১ আসনে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, ঢাকা–৮ আসনে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাওয়ারী এবং নোয়াখালী–৬ আসনে জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ নির্বাচন করছেন।

এ ছাড়া ঢাকা–১৮ আসনে আরিফুল ইসলাম আদীব, লক্ষ্মীপুর–১ আসনে মাহবুব আলম, সিরাজগঞ্জ–৬ আসনে এস এম সাইফ মোস্তাফিজ, নরসিংদী–২ আসনে সারোয়ার তুষার, নারায়ণগঞ্জ–৪ আসনে আবদুল্লাহ আল আমিন, বান্দরবান আসনে এস এম সুজা উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে মাওলানা আশরাফ মাহদী, চট্টগ্রাম–৮ আসনে জোবাইরুল হাসান আরিফ এবং ব্রাহ্মণবাড়িয়া–৩ আসনে মোহাম্মদ আতাউল্লাহ এনসিপির প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন।

অন্য প্রার্থীদের মধ্যে দিনাজপুর–৫ আসনে মো. আবদুল আহাদ, নোয়াখালী–২ আসনে সুলতান মুহাম্মদ জাকারিয়া, ঢাকা–১৯ আসনে দিলশানা পারুল, ঢাকা–২০ আসনে নাবিলা তাসনিদ, কুড়িগ্রাম–২ আসনে আতিক মুজাহিদ, ময়মনসিংহ–১১ আসনে জাহিদুল ইসলাম, টাঙ্গাইল–৩ আসনে সাইফুল্লাহ হায়দার, ঢাকা–৯ আসনে জাবেদ রাসিন, গাজীপুর–২ আসনে আলী নাছের খান, মুন্সিগঞ্জ–২ আসনে মাজেদুল ইসলাম, পিরোজপুর–৩ আসনে শামীম হামিদী এবং নাটোর–৩ আসনে এস এম জার্জিস কাদির ‘শাপলা কলি’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এর আগে গত বৃহস্পতিবার রাতে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশে এক সংবাদ সম্মেলনে জামায়াত–এনসিপিসহ ১০টি রাজনৈতিক দল ২৫৩টি সংসদীয় আসনে নির্বাচনী সমঝোতার ঘোষণা দেয়। এই ঐক্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত দলটি এককভাবে ২৬৮ আসনে নির্বাচন করার ঘোষণা দেয় এবং বাকি ৩২ আসনে অন্যদের সমর্থনের কথা জানায়।

নির্বাচনী ঐক্যের শরিক হিসেবে এনসিপি বর্তমানে ৩০টি আসনে নির্বাচন করছে। যদিও দলটির মোট ৪৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ সমঝোতা থেকে সরে যাওয়ায় এনসিপি তাদের আসন সংখ্যা বাড়াতে জামায়াতের সঙ্গে আলোচনা শুরু করেছে। এনসিপি সূত্র জানায়, এ বিষয়ে জামায়াত এখনো ইসলামী আন্দোলনের অবস্থান চূড়ান্ত হওয়ার অপেক্ষায় রয়েছে। ফলে আসন সমঝোতার চূড়ান্ত সিদ্ধান্ত পেতে আরও সময় লাগতে পারে।

বা/মে২৪/ফা