ভোটাধিকার হরণের অপচেষ্টা রুখে দেওয়ার আহ্বান নাহিদ ইসলামের
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম ভোটাধিকার হরণের যেকোনো অপচেষ্টা প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ আহ্বান জানান।
ফেসবুক বার্তায় নাহিদ ইসলাম বলেন, “ভোটাধিকার হরণের যেকোনো অপচেষ্টা রুখে দিন। আগামী কয়েক ঘণ্টা সর্বোচ্চ সতর্ক থাকুন।” তিনি ভোটারদের উদ্দেশে আরও বলেন, দেশের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
এর আগে সকাল সাড়ে সাতটায় শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। নির্বাচনের দিন সকালে রাজধানীর বাড্ডা এলাকার এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন নাহিদ ইসলাম।
নিজের পোস্টে তিনি লিখেছেন, “বাংলাদেশ আজ এক যুগ-সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। জনগণের রায়ের মধ্য দিয়ে আগামীকাল থেকে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে।” তিনি জানান, ইতোমধ্যে অনেক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
যারা এখনো ভোট দেননি, তাদের দ্রুত নিজ নিজ ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। “বাংলাদেশে নতুন সূর্যোদয়ের সাক্ষী হতে পরিবারের সব সদস্যকে নিয়ে দ্রুত ভোটকেন্দ্রে চলে আসুন। পছন্দের প্রার্থীকে ভোট দিন,”—পোস্টে এমন আহ্বানও জানান এনসিপি আহ্বায়ক।
নির্বাচন ঘিরে রাজধানীসহ সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদার রয়েছে। ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বলে জানা গেছে।
বা/মে২৪/ম









