নতুন চার থানা হচ্ছে, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম বদল
ডেস্ক রিপোর্টঃ
দেশে চারটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। একই সঙ্গে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের প্রস্তাবও অনুমোদিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তাঁর বাসভবন যমুনায় নিকারের ১১৯তম সভা অনুষ্ঠিত হয়। অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে এটি নিকারের প্রথম সভা। সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং এসব তথ্য জানায়।
সভায় প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত মোট ১১টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। নতুন থানাগুলো হলো—গাজীপুর জেলার পূর্বাচল উত্তর, নারায়ণগঞ্জ জেলার পূর্বাচল দক্ষিণ এবং কক্সবাজার জেলার মাতারবাড়ী। এ ছাড়া নরসিংদী জেলার রায়পুরা থানাকে বিভক্ত করে একটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদিত হয়েছে।
সভায় পরিবেশগত বৈশ্বিক ঐতিহ্য, পর্যটন ও অর্থনৈতিক সম্ভাবনার বিবেচনায় সাতক্ষীরা জেলাকে ‘বি’ থেকে ‘এ’ শ্রেণিতে উন্নীত করার প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়।
এ ছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন ‘স্বাস্থ্য সেবা বিভাগ’ ও ‘স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ’ পুনরায় একত্র করে ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়’ পুনর্গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়।
সভায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ করার প্রস্তাব অনুমোদিত হয়। তবে মন্ত্রণালয়ের ইংরেজি নাম অপরিবর্তিত থাকবে।
অর্থ মন্ত্রণালয়ের আওতায় ‘রাজস্ব নীতি বিভাগ’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে দুটি নতুন প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাবও সভায় অনুমোদন পায়। এ বিষয়ে ইতোমধ্যে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হয়েছে।
এ ছাড়া ঠাকুরগাঁও জেলার ‘ভূল্লী’ থানার নামের বানান সংশোধনের প্রস্তাবও অনুমোদিত হয়।
সভায় প্রধান উপদেষ্টা ছাড়াও কয়েকজন উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিবসহ সরকারের ১৪ জন সচিব ও জ্যেষ্ঠ সচিব উপস্থিত ছিলেন।
বা/মে২৪/ফা









