ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে লালমনিরহাটে পুলিশের প্রস্তুতি জোরদার, ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
মোঃ ওমর ফারুক সুমন, লালমনিরহাট প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে লালমনিরহাট জেলা পুলিশের প্রস্তুতি কার্যক্রম জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দিতে ব্রিফিং প্যারেড আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) লালমনিরহাট জেলা পুলিশ লাইন্স মাঠ এবং হাতীবান্ধা থানা প্রাঙ্গণে পৃথকভাবে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান।
ব্রিফিং প্যারেডে পুলিশ সুপার নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও সদস্যদের করণীয় বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেন। তিনি দায়িত্ব পালনে সততা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি জানান, নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্রভিত্তিক নিরাপত্তা, মোবাইল টিম, স্ট্রাইকিং টিম এবং স্ট্যান্ডবাই টিমের সদস্যদের নির্দিষ্ট দায়িত্ব সম্পর্কে স্পষ্ট দিকনির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি জেলার সাধারণ মানুষ যাতে নির্বিঘ্ন ও নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে জেলা পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।
নির্বাচন চলাকালীন কোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংস পরিস্থিতির সৃষ্টি হলে তা দ্রুত ও দক্ষতার সঙ্গে মোকাবিলার নির্দেশনাও প্রদান করা হয়। ব্রিফিং শেষে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের মনোবল বাড়াতে তাদের উৎসাহ প্রদান করা হয় এবং সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার) মোঃ শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শাহাদত হোসেন সুমা, বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শেখ মোঃ জিন্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার এ-সার্কেল এ কে এম ফজলুল হক, সহকারী পুলিশ সুপার বি-সার্কেল জয়ন্ত কুমার সেনসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।
বা/মে২৪/ম









