মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচে পর্দা উঠছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের

প্রকাশিত: ১১ জুন ২০২৬, ০৪:১৯ পিএম
মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচে পর্দা উঠছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের

স্পোর্টস ডেস্ক:

জমকালো আয়োজন, বিশ্বতারকাদের উপস্থিতি এবং বহুল প্রতীক্ষিত এক ম্যাচের মধ্য দিয়ে শুরু হচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। বৃহস্পতিবার (১১ জুন) রাতে মেক্সিকো সিটির ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আসরের উদ্বোধনী অনুষ্ঠান। এরপর ‘গ্রুপ এ’-এর ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা।

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে ইতোমধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসবের আমেজ। বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় মঞ্চে উঠবেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা এবং নাইজেরিয়ান আফ্রোবিটস শিল্পী বার্না বয়। তারা যৌথভাবে পরিবেশন করবেন এবারের বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’। এছাড়া দর্শকদের মাতাতে অনুষ্ঠানে থাকছেন জনপ্রিয় লাতিন সংগীতশিল্পী জে বালভিন এবং বিখ্যাত পপ ব্যান্ড মানা।

এবারের উদ্বোধনী ম্যাচে ফুটবলপ্রেমীরা দেখতে পাবেন এক ধরনের ঐতিহাসিক পুনরাবৃত্তি। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকো। সেই ম্যাচটি ১-১ গোলের সমতায় শেষ হয়েছিল। ১৬ বছর পর আবারও একই দুই দল উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে, তবে এবার ভেন্যু মেক্সিকোর ঘরের মাঠ আজটেকা স্টেডিয়াম।

স্বাগতিক মেক্সিকো এবারের আসরে বেশ শক্তিশালী দল নিয়েই মাঠে নামছে। দলের সবচেয়ে বড় ভরসা অভিজ্ঞ গোলরক্ষক গিয়ের্মো ওচোয়া, যিনি রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার সমন্বয়ে গড়া মেক্সিকো দল সাম্প্রতিক সময়ে দুর্দান্ত রক্ষণভাগের পরিচয় দিয়েছে। শেষ আট ম্যাচের মধ্যে ছয়টিতে তারা প্রতিপক্ষকে গোল করতে দেয়নি।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকাও আত্মবিশ্বাসী। আফ্রিকার দেশটি দ্রুতগতির কাউন্টার অ্যাটাকভিত্তিক ফুটবলের জন্য পরিচিত। বিশ্বকাপে নিজেদের শেষ নয়টি ম্যাচের প্রতিটিতেই গোল করার কৃতিত্ব রয়েছে তাদের। ফলে উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর শক্ত রক্ষণভাগ এবং দক্ষিণ আফ্রিকার আক্রমণভাগের লড়াই হতে পারে ম্যাচের অন্যতম আকর্ষণ।

তবে বিশ্বকাপের উদ্বোধনী আয়োজন শুধু মেক্সিকোতেই সীমাবদ্ধ থাকছে না। তিন স্বাগতিক দেশের যৌথ আয়োজনকে বিশেষভাবে উদযাপন করতে কানাডা ও যুক্তরাষ্ট্রেও থাকছে আলাদা উদ্বোধনী অনুষ্ঠান।

শুক্রবার বাংলাদেশ সময় একই সময়ে কানাডার টরন্টোর বিএমও ফিল্ডে অনুষ্ঠিত হবে দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে পারফর্ম করবেন কানাডার জনপ্রিয় সংগীতশিল্পী মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট এবং আলিসিয়া কারা।

এরপর শনিবার (১৩ জুন) ভোর ৫টা ৩০ মিনিটে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে উদ্বোধনী ত্রয়ীর শেষ আয়োজন। হলিউড ঘরানার এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে পারফর্ম করবেন বিশ্বখ্যাত সংগীতশিল্পী ক্যাটি পেরি, ব্ল্যাকপিংকের লিসা, মার্কিন র‌্যাপার ফিউচার এবং ব্রাজিলিয়ান গায়িকা অ্যানিত্তা।

বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো তিনটি দেশে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী আয়োজনও তাই পাচ্ছে ভিন্নমাত্রা। ফুটবল, সংগীত ও বৈশ্বিক সংস্কৃতির এক বর্ণিল মিলনমেলার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া উৎসব।