খাগড়াছড়িতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য র্যালি
বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি প্রতিনিধি:
বিশ্বকাপ ফুটবল ২০২৬-কে ঘিরে সারাদেশের মতো খাগড়াছড়িতেও শুরু হয়েছে ফুটবল উন্মাদনা|
প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা ও সমর্থন জানাতে খাগড়াছড়িতে আর্জেন্টিনা ফ্যানদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও র্যালি|
মঙ্গলবার বিকেলে শহরের চেঙ্গী স্কয়ার থেকে র্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একি স্থানে গিয়ে শেষ হয়|
র্যালিতে অংশ নেন শত শত আর্জেন্টিনা সমর্থক| আকাশি-সাদা জার্সি পরিহিত তরুণ-তরুণী, শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে পুরো আয়োজনটি পরিণত হয় এক উৎসবমুখর মিলনমেলায়| তাদের হাতে ছিল আর্জেন্টিনার জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও মিনি ফ্ল্যাগ| সমর্থকদের উচ্ছ্বাস, স্লোগান ও বাদ্যযন্ত্রের তালে তালে মুখর হয়ে ওঠে শহরের প্রধান সড়কগুলো।
এইছাড়াও আর্জেন্টিনার পতাকায় সজ্জিত জিপ, বিশেষ বাইক শো, ব্যান্ড পার্টি ও ডিজে টিম আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তোলে।
র্যালি ঘিরে শহরের বিভিন্ন স্থান থেকে ফুটবলপ্রেমীরা ভিড় জমান| অনেকে সড়কের পাশে দাঁড়িয়ে শোভাযাত্রা উপভোগ করেন এবং মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করেন| ফুটবলপ্রেমীদের এই ¯সতঃস্ফূর্ত অংশগ্রহণ খাগড়াছড়ি ক্রীড়াপ্রেমী মানুষের আবেগ ও উচ্ছ্বাসেরই বহিঃপ্রকাশ বলে মনে করছেন আয়োজকরা|
আয়োজকরা জানান, ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে খেলাধুলার ইতিবাচক সংস্কৃতি ছড়িয়ে দেওয়া এবং প্রিয় দল আর্জেন্টিনার প্রতি সমর্থন প্রকাশের লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে| তারা বলেন, খেলাধুলা মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি করে| তাই প্রতিদ্বন্দ্বিতা থাকলেও তা যেন থাকে কেবল খেলায়, বন্ধুত্ব ও ভ্রাতৃত্বে নয়|
সমর্থকদের প্রত্যাশা, বিশ্বকাপ ফুটবল ২০২৬-এ আর্জেন্টিনা দল তাদের সেরা পারফরম্যান্স উপহার দিয়ে আবারও শিরোপা জয়ের লড়াইয়ে নিজেদের শক্ত অবস্থান প্রমাণ করবে|









