সাভারে শ্রমিক আন্দোলনের সংবাদ সংগ্রহকালে ৩ সাংবাদিকের ওপর হামলা

প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৪০ পিএম
সাভারে শ্রমিক আন্দোলনের সংবাদ সংগ্রহকালে ৩ সাংবাদিকের ওপর হামলা

ছবি: বিডি মেইল

ফাহমিদা হৃদী, স্টাফ রিপোর্টার


ঢাকার সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে হামলা ও মারধরের শিকার হয়েছেন তিন সংবাদমাধ্যমকর্মী। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে চলমান শ্রমিক আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গেলে আন্দোলনকারীদের মধ্য থেকে কয়েকজন তাঁদের ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে।


আহত সংবাদমাধ্যমকর্মীরা হলেন—স্টার নিউজের সাভার প্রতিনিধি আহমাদ সোহান সিরাজী, একাত্তর টেলিভিশনের সাভার প্রতিনিধি রাইয়ান বিন আমিন এবং মো. উজ্জ্বল হোসেন।


হামলার শিকার সংবাদমাধ্যমকর্মীরা জানান, সকালে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের খবর পেয়ে সংবাদ সংগ্রহের জন্য হেমায়েতপুরের পদ্মার মোড়ে যান তাঁরা। সেখানে কয়েকজন বিক্ষুব্ধ শ্রমিকের বক্তব্য গ্রহণ করেন। পরে ঘটনাস্থলের কিছুটা সামনে গিয়ে সংঘর্ষের ভিডিওচিত্র ধারণ করছিলেন।


এ সময় মাস্ক পরা কয়েকজন ব্যক্তি তাঁদের সাংবাদিক পরিচয় জানতে পেরে লাঠিসোঁটা নিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করেন। এতে তিন সংবাদমাধ্যমকর্মী হামলার শিকার হন।


একপর্যায়ে আশপাশের কয়েকজন ব্যক্তি এগিয়ে এসে হামলাকারীদের নিবৃত্ত করার চেষ্টা করেন। পরে তাঁদের সহযোগিতায় হামলার শিকার সংবাদমাধ্যমকর্মীরা ঘটনাস্থল থেকে সরে যাওয়ার সুযোগ পান।


পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদমাধ্যমকর্মীদের ওপর এ হামলার ঘটনায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।