শর্টকাটের কথা বলে বাকৃবিতে নিয়ে ছুরির মুখে মোবাইল ছিনতাই, অটোচালক আটক
ছবি : সংগৃহীত
বাকৃবি প্রতিনিধি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছুরির ভয় দেখিয়ে এক ব্যক্তির মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে এক মিশুকচালককে আটক করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করে। রবিবার (৮ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের রেললাইনসংলগ্ন একটি নির্জন এলাকায় এ ঘটনা ঘটে।
আটক মিশুকচালকের নাম রাহুল মিয়া। তিনি ময়মনসিংহের কোতোয়ালি থানার মরাখোলা এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম নন্দ কিশোর এবং মায়ের নাম পুতুল। আটকের পর তাঁর কাছ থেকে একটি ধারালো চাকু ও ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধার করা মালামালসহ তাঁকে কোতোয়ালি থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ভুক্তভোগী কাদের সিদ্দিকী (২০) জানান, তিনি নারায়ণগঞ্জ থেকে ময়মনসিংহে বেড়াতে এসেছেন। ঢাকা বাইপাস থেকে কেওয়াটখালীতে আত্মীয়ের বাসায় যাওয়ার জন্য ৭০ টাকায় একটি মিশুক রিজার্ভ করেন। চালক মূল সড়ক দিয়ে না গিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতর দিয়ে যেতে থাকেন। শর্টকাট পথ ভেবে তিনি বিষয়টি নিয়ে সন্দেহ করেননি। ক্যাম্পাস সম্পর্কে ধারণা না থাকায় চালকের উদ্দেশ্যও বুঝতে পারেননি।
তিনি বলেন, চালক বিভিন্ন জায়গায় ইউটার্ন নিতে থাকেন এবং রাস্তা ভুলে গেছেন বলে জানান। এভাবে প্রায় এক ঘণ্টা ঘোরানোর পর একটি অন্ধকার ও নির্জন জায়গায় মিশুক থামান। একপর্যায়ে চালক ছুরি বের করে তাঁর কাছে থাকা জিনিসপত্র বের করতে বলেন। ভয়ে তিনি নিজের মোবাইল ফোনটি দিয়ে দেন। এরপর চালক দ্রুত মিশুক চালিয়ে পালানোর চেষ্টা করেন।
কাদের সিদ্দিকী আরও বলেন, আসার পথে কয়েকজন শিক্ষার্থীকে আড্ডা দিতে দেখেছিলেন। মোবাইল নিয়ে চালক পালানোর সময় তিনি পেছনে দৌড়ে চিৎকার শুরু করেন। এ সময় এক শিক্ষার্থী মোটরসাইকেল নিয়ে মিশুকটিকে ধাওয়া করেন। পরে বিশ্ববিদ্যালয়ের করিম ভবনের দিকে গিয়ে চালককে আটক করা সম্ভব হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আকাশ জানান, বাসা থেকে ক্যাম্পাসে ফেরার পথে ফার্স্ট গেট থেকে জব্বারের দিকে যাচ্ছিলেন তিনি। মাৎস্যবিজ্ঞান অনুষদের গেটের কাছে পৌঁছালে পেছন থেকে চিৎকার শুনতে পান। ঘুরে দেখেন, এক ব্যক্তি মিশুকের পেছনে দৌড়ে ছিনতাইয়ের অভিযোগে চিৎকার করছেন।
আকাশ বলেন, বিষয়টি দেখে তিনি মোটরসাইকেল থেকে নেমে মিশুকটি থামানোর চেষ্টা করেন। তবে দ্রুতগতির কারণে প্রথমে সেটি ধরতে পারেননি। পরে ভুক্তভোগীকে মোটরসাইকেলে তুলে নিয়ে মিশুকটির পিছু ধাওয়া করেন। মিশুকটি জব্বারের মোড় ও দেবদারু সড়ক হয়ে করিম ভবনের দিকে যেতে থাকে। এ সময় চালক বারবার ধাক্কা দিয়ে তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করেন। পরে করিম ভবন থেকে ছেলেদের হলের সড়কে নামার সময় মিশুকটির নিচে আগুন ধরে যায়। তখনই চালককে আটক করা সম্ভব হয়। পরে বিষয়টি প্রক্টরিয়াল বডিকে জানানো হয়।
ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদির বলেন, রাত সাড়ে ৮টার দিকে ছিনতাইয়ের খবর পান তাঁরা। বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী একজনকে আটক করেছেন বলে জানতে পেরে তাৎক্ষণিকভাবে প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে যান। পরে তাঁকে আটক করে ক্যাম্প পুলিশে নেওয়া হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়। পরে কোতোয়ালি থানা-পুলিশকে জানানো হলে পুলিশ এসে তাঁকে হস্তান্তর করে। তাঁর বিরুদ্ধে মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) সজীব কোচ বলেন, রাত সাড়ে ৮টার পর মুঠোফোনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে রাহুল মিয়া নামে একজন ছিনতাইয়ের ঘটনায় আটক হয়েছেন বলে জানতে পারেন তাঁরা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে থানায় হস্তান্তর করে।
তিনি আরও বলেন, এ ঘটনায় ভুক্তভোগী অভিযোগ করবেন না বা মামলা করতে আগ্রহী নন বলে জানা গেছে। তাই ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।









