রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় জামায়াত নেতা আনোয়ারুল্লাহ খুন

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৬, ১১:০৭ পিএম
রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় জামায়াত নেতা আনোয়ারুল্লাহ খুন

ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় খুন হয়েছেন জামায়াতে ইসলামীর নেতা ও হোমিও চিকিৎসক আনোয়ারুল্লাহ। ভোররাতে বারান্দা ও জানালার গ্রিল কেটে বাসায় ঢুকে দুই যুবক তাকে হত্যা করে। হত্যার পর তারা আট ভরি স্বর্ণ ও নগদ পাঁচ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। পরিবারের দাবি, এটি নিছক ডাকাতি নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড।

সোমবার (১২ জানুয়ারি) দিনগত রাত আনুমানিক আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পাওয়া একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রথমে বারান্দার গ্রিল এবং পরে একটি কক্ষের জানালার গ্রিল কেটে দুই ব্যক্তি বাসায় প্রবেশ করে। প্রায় দুই ঘণ্টা পর তাদের বাসা থেকে বের হতে দেখা যায়। পরিবারের ভাষ্য অনুযায়ী, মৃত্যু নিশ্চিত করেই তারা বাসা ছাড়ে।

আনোয়ারুল্লাহ রাজাবাজারের ওই বাসার দোতলায় স্ত্রীসহ বসবাস করতেন। পরিবারের সদস্যরা জানান, খুনিরা ভেতরে ঢুকে আনোয়ারুল্লাহ ও তার স্ত্রীর হাত-পা বেঁধে তাকে হত্যা করে। পরে বাসা থেকে আট ভরি স্বর্ণ ও নগদ পাঁচ লাখ টাকা লুট করে নেয়।

নিহতের ভাতিজা জানান, হত্যার সময় হামলাকারীরা আনোয়ারুল্লাহকে উদ্দেশ করে বলে, “তোকে এখন মেরে ফেলব, কালেমা পড়।” এরপর তাকে নির্মমভাবে হত্যা করা হয়।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বা/মে২৪/ফা