বিকেলের পর চট্টগ্রাম নিউ মার্কেটে বাড়ছে যানজট, ভোগান্তিতে সাধারণ মানুষ
ছবি: বিডি মেইল
সাইদুল ইসলাম আলভী, মাল্টিমিডিয়া রিপোর্টার (চট্টগ্রাম)
চট্টগ্রাম নগরীর অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা নিউ মার্কেটে বিকেলের পর বাড়ছে যানবাহনের চাপ। বিশেষ করে বিকেল ৪টা থেকে ৫টার পর বিভিন্ন সময়ে সৃষ্টি হচ্ছে যানজট। এতে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। ব্যাহত হচ্ছে স্বাভাবিক যান চলাচল।
বুধবার (৪ নভেম্বর) দুপুর ২টার দিকে সরেজমিনে নিউ মার্কেট এলাকা ঘুরে দেখা যায়, সড়কে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল অনেকটাই স্বাভাবিক। এ সময় বড় ধরনের যানজটের চিত্র চোখে পড়েনি। তবে বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে যানবাহনের চাপ। বিকেল ৪টা থেকে ৫টার পর সড়কে যানজটের সৃষ্টি হতে দেখা যায়।
এলাকার যানজট পরিস্থিতি নিয়ে কথা হয় কয়েকজন সাধারণ মানুষের সঙ্গে। তাঁরা জানান, যানজটের কারণে গন্তব্যে পৌঁছাতে অতিরিক্ত সময় লাগছে। এতে দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটছে। এ সমস্যা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ চান তাঁরা।
এদিকে, যানজটের বিষয়ে সংশ্লিষ্ট ট্রাফিক পুলিশের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও ব্যস্ততার কথা জানিয়ে পুলিশ সদস্যরা বক্তব্য দেননি। ফলে এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
অন্যদিকে, নগরীর যান চলাচল স্বাভাবিক রাখতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগ কাজ করছে। সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক সদস্যদের তৎপরতা দেখা গেছে।
নিউ মার্কেট একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা হওয়ায় যানজট নিরসনে আরও কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা, সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ প্রত্যাশা করছেন স্থানীয় বাসিন্দা ও সাধারণ পথচারীরা।









