দাগনভূঞা ছাত্রদলে নেতৃত্ব সংকট, মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্তির দাবি

প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৬, ১০:১১ পিএম
দাগনভূঞা ছাত্রদলে নেতৃত্ব সংকট, মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্তির দাবি

সংগৃহীত

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি


বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভ্যানগার্ড হিসেবে পরিচিত জাতীয়তাবাদী ছাত্রদলের ফেনীর দাগনভূঞা উপজেলা শাখায় দীর্ঘদিন ধরে নেতৃত্ব সংকট চলছে বলে অভিযোগ করেছেন স্থানীয় নেতাকর্মীরা। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তৃণমূল পর্যায়ে ছাত্রদলের দৃশ্যমান সাংগঠনিক তৎপরতা না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন দলের কর্মী-সমর্থকেরা।


স্থানীয় নেতাকর্মীদের সূত্রে জানা গেছে, দাগনভূঞা উপজেলা ছাত্রদলের বর্তমান আহ্বায়ক কমিটি অনেক আগেই মেয়াদোত্তীর্ণ হয়েছে। দীর্ঘদিনেও নতুন কমিটি গঠন না হওয়ায় সাংগঠনিক কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়েছে। এতে নতুন নেতৃত্ব তৈরির পথও বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করছেন নেতাকর্মীরা।


তৃণমূল নেতাকর্মীদের দাবি, উপজেলার সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং ত্যাগী ও উদীয়মান তরুণদের মূল্যায়নের লক্ষ্যে দ্রুত মেয়াদোত্তীর্ণ আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা প্রয়োজন।


এ জন্য ফেনী-৩ আসনের প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন তৃণমূলের নেতাকর্মীরা।


তাদের প্রত্যাশা, সময়োপযোগী ও সুসংগঠিত নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে দাগনভূঞা উপজেলা ছাত্রদলকে পুনরায় সক্রিয় ও শক্তিশালী করা হবে। এতে ভবিষ্যতে দলীয় কর্মসূচি ও আন্দোলন-সংগ্রামে ছাত্রদল আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে বলে মনে করছেন তারা।


এমকে/বিএম২৪