দাগনভূঞায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার
সূত্রঃ সংগৃহীত
সাইফ উদ্দিন নিশাত, দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
ফেনীর দাগনভূঞায় চাঞ্চল্যকর জাল টাকা মামলায় (এসটি-১০৭/১৫) ১৪ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. আনোয়ার হোসেনকে (৩৫) ঢাকার ধামরাই থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে দীর্ঘদিনের প্রচেষ্টা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার ধামরাই থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. আনোয়ার হোসেন ফেনীর দাগনভূঞা উপজেলার গৌতমখালী গ্রামের শাহাজান মিয়া ও খোদেজা বেগম দম্পতির ছেলে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন দাগনভূঞা কোরাইশ মুন্সী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. নাজিম উদ্দিন।
পুলিশ জানায়, জাল টাকা মামলায় আদালত আনোয়ার হোসেনকে ১৪ বছরের কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাও জারি ছিল।
পলাতক আসামি আনোয়ার হোসেনকে গ্রেপ্তারে কোরাইশ মুন্সী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. নাজিম উদ্দিনের নেতৃত্বে পুলিশ সদস্যরা দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছিলেন। একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা হয়। পরে ধামরাই থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর আনোয়ার হোসেনকে সংশ্লিষ্ট মামলায় আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
এমকে/বিএম২৪









