চাকসুর উদ্যোগে শাটল ট্রেন ট্র্যাকার অ্যাপের উদ্বোধন

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ পিএম
চাকসুর উদ্যোগে শাটল ট্রেন ট্র্যাকার অ্যাপের উদ্বোধন

সংগৃহীত

আহমেদ মুনহা, চবি প্রতিনিধি


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে এবং শাটল ট্রেনের অবস্থান রিয়েল-টাইমে জানার সুবিধার্থে ‘শাটল ট্রেন ট্র্যাকার’ অ্যাপ চালু করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।


মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে অ্যাপটির উদ্বোধন করেন চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান।


উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, “আজকের দিনটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য একটি বিশেষ দিন। চাকসুর তদারকিতে শাটল ট্রেন ট্র্যাকার অ্যাপ তৈরি হয়েছে এবং আজ এটি উদ্বোধন হচ্ছে। আশা করি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটি একটি নতুন মাইলফলক হয়ে থাকবে।”


তিনি বলেন, “শিক্ষার্থীরা যাতে সহজেই ট্রেনের অবস্থান জানতে পারে, সেজন্যই এই অ্যাপটি তৈরি করা হয়েছে।” এ উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট চাকসুর প্রতিনিধিসহ সবাইকে ধন্যবাদ জানান তিনি।


উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, শিক্ষার্থীদের প্রতিদিনের যাতায়াতে সময় সাশ্রয় ও ভোগান্তি কমাতে অ্যাপটি কার্যকর ভূমিকা রাখবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা মোবাইল ফোন থেকেই শাটল ট্রেনের রিয়েল-টাইম অবস্থান ও সময়সূচি জানতে পারবেন। ফলে ট্রেনের জন্য অপ্রয়োজনীয় অপেক্ষা এবং অনাকাঙ্ক্ষিত ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর, সহসভাপতি (ভিপি) ইব্রাহীম হোসেন রনি, সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব, সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) আইয়ুবুর রহমান তৌফিক, যোগাযোগ ও আবাসন সম্পাদক মো. ইসহাক ভুঞা এবং চাকসুর অন্যান্য প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।



এমকে/বিএম২৪