কুবি শিক্ষার্থীদের বছরে ৬০০ টাকায় স্বাস্থ্যবিমা দিতে চায় জেনিথ
ছবি: বিডি মেইল
কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের স্বাস্থ্যবিমার আওতায় আনতে চায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানটি। প্রস্তাব অনুযায়ী, একজন শিক্ষার্থী বছরে ৬০০ টাকা বা মাসে ৫০ টাকা প্রিমিয়াম দিয়ে স্বাস্থ্যবিমার সুবিধা নিতে পারবেন।
বুধবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে শিক্ষকদের স্বাস্থ্যবিমার চেক প্রদান অনুষ্ঠান শেষে আয়োজিত এক মতবিনিময় সভায় এ প্রস্তাব দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন, রেজিস্ট্রার মোহাম্মদ নূরুল করিম চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের পরিচালক ও জেনিথের প্রতিনিধিরা।
জেনিথের প্রস্তাব অনুযায়ী, একজন শিক্ষার্থী মাসে ৫০ টাকা অথবা বছরে ৬০০ টাকা প্রিমিয়াম দিয়ে স্বাস্থ্যবিমার আওতায় আসতে পারবেন। শিক্ষাজীবন শেষ না হওয়া পর্যন্ত তাঁকে এ প্রিমিয়াম পরিশোধ করতে হবে। বিমার আওতায় থাকাকালে কোনো শিক্ষার্থী আহত হলে নির্ধারিত শর্ত অনুযায়ী চিকিৎসা-সংক্রান্ত কভারেজ পাবেন। কোনো শিক্ষার্থীর মৃত্যু হলে তাঁর পরিবার আর্থিক সুবিধা পাবে। এ ছাড়া শিক্ষার্থীর অভিভাবকের মৃত্যু হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে এক লাখ টাকা দেওয়ার প্রস্তাব রয়েছে।
জেনিথের ব্যবস্থাপনা পরিচালক এস এম নুরুজ্জামান বলেন, শিক্ষার্থীদের জন্য এমন একটি বিমা সুবিধা চালুর পরিকল্পনা করা হয়েছে, যাতে শিক্ষার্থী ও তাঁর পরিবার উভয়ই আর্থিক সুরক্ষা পান। কোনো শিক্ষার্থীর মৃত্যু হলে তাঁর অভিভাবককে আর্থিক সুবিধা দেওয়া হবে। আবার অভিভাবকের মৃত্যু হলেও শিক্ষার্থী সুবিধা পাবেন। পাশাপাশি কোনো শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হলে নির্দিষ্ট পরিমাণ চিকিৎসা ব্যয় কভার করা হবে।
তিনি আরও বলেন, তাঁদের প্রতিষ্ঠানের আওতায় একশর বেশি নেটওয়ার্ক হাসপাতাল রয়েছে। এসব হাসপাতালে শিক্ষার্থীরা ডিসকাউন্ট ও ক্যাশলেস চিকিৎসাসুবিধা পাবেন। বিমার অর্থ সর্বোচ্চ তিন কর্মদিবসের মধ্যে শিক্ষার্থীদের অ্যাকাউন্টে পরিশোধ করা হয় বলেও জানান তিনি।
জেনিথের ব্যবস্থাপনা পরিচালক আরও জানান, বুধবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বাস্থ্যবিমার আওতায় সাড়ে ছয় লাখ টাকার চেক কভারেজ দেওয়া হয়েছে।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, জেনিথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্যবিমার আওতায় আনতে আগ্রহ প্রকাশ করেছে এবং এ জন্য কিছু সুবিধার প্রস্তাব দিয়েছে। তবে বিষয়টি যেহেতু শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট, তাই আগে তাঁদের সঙ্গে আলোচনা করা হবে। শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতেই জেনিথের সঙ্গে চুক্তি করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।









