চবির অতীশ দীপঙ্কর হলে অবৈধ শিক্ষার্থী থাকার অভিযোগের সত্যতা মেলেনি
সংগৃহীত
আহমেদ মুনহা,চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের ৩১৩ নম্বর কক্ষে অবৈধভাবে শিক্ষার্থী থাকার অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে অভিযোগ তদন্ত করতে গিয়ে আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে হল সংসদের সহ-সভাপতি (ভিপি) রিপুল চাকমার তর্কাতর্কির ঘটনা ঘটেছে। এ সময় হল সংসদের ভিপিকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ও হলটির আবাসিক শিক্ষার্থী নাছিম উদ্দিনের বিরুদ্ধে।
গত সোমবার (১৪ সেপ্টেম্বর) ৩১৩ নম্বর কক্ষে অবৈধভাবে শিক্ষার্থী থাকার অভিযোগ পাওয়ার পর হল প্রশাসনের একজন শিক্ষক ও হল সংসদের কয়েকজন সদস্য সেখানে যান। একপর্যায়ে ভিপি রিপুল চাকমার সঙ্গে কক্ষে থাকা আবাসিক শিক্ষার্থীদের তর্কাতর্কি হয়।
ভিপি রিপুল চাকমা বলেন, ‘গতকাল (রোববার) আমি দেখি, কয়েকটি জিনিসপত্র নিয়ে একজন হলে এসে বলছে, সে ৩১৩ নম্বর রুমে উঠেছে। এ নিয়ে আমি গ্রুপে কথা বলি। পরে স্যারসহ আমরা সেখানে যাই। সেখানে একপর্যায়ে আমাকে হুমকি দেওয়া হয়।’
হুমকি দেওয়ার বিষয়ে নাছিম উদ্দিন বলেন, ‘আমি তাকে বললাম, আমাদের রুম নিয়ে মিথ্যা অপবাদ দিতে পারিস না। তখন সে বলে, এটা তার অধিকার। আমাকে গালি দিলে আমি তখন তাকে হুমকি দিই। আমি হুমকি দিয়েছি।’
এ বিষয়ে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের সিনিয়র আবাসিক শিক্ষক ড. মো. নূরে আলম বলেন, ‘অভিযোগ পাওয়ার পর আমি ৩১৩ নম্বর রুমে যাই। কিন্তু রুমে যারা থাকে, তারা জানায় অবৈধ কেউ নেই, তারা অতিথি ছিল। এরপর কথা-কাটাকাটি হয়।’
চবি সহকারী প্রক্টর অধ্যাপক ড. কামরুল ইসলাম বলেন, ‘একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে হলের একটি কক্ষে অভিযান চালানো হয়। তবে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। এ বিষয়কে কেন্দ্র করে যা হয়েছে, অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নেব।’
এমকে/বিএম২৪









