সাভারে সংবাদ সংগ্রহকালে নিউজ২৪-এর সাংবাদিকের ওপর হামলা, গুরুতর আহত

প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পিএম
সাভারে সংবাদ সংগ্রহকালে নিউজ২৪-এর সাংবাদিকের ওপর হামলা, গুরুতর আহত

ছবি: বিডি মেইল

ফাহমিদা হৃদী, স্টাফ রিপোর্টার


সাভারের হেমায়েতপুরে শ্রমিক আন্দোলনের সংবাদ ও ভিডিওচিত্র সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন নিউজ২৪-এর সাংবাদিক ও সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা। এ ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।


জানা গেছে, বুধবার (৪ নভেম্বর) সাভারের হেমায়েতপুরে শ্রমিক আন্দোলন চলাকালে পুলিশের এক ওসির গাড়িতে অগ্নিসংযোগের দৃশ্য ভিডিও ধারণ ও সংবাদ সংগ্রহ করছিলেন সাংবাদিক নাজমুল হুদা। এ সময় ঘটনাস্থলে থাকা কয়েকজন দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।


হামলায় গুরুতর আহত হন তিনি। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে তাঁর চিকিৎসা চলছে।


পেশাগত দায়িত্ব পালনকালে একজন সাংবাদিকের ওপর এমন হামলার ঘটনায় সাংবাদিক মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সংবাদ সংগ্রহ ও ভিডিওচিত্র ধারণ করতে গিয়ে একজন গণমাধ্যমকর্মীর আহত হওয়ার ঘটনা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তার বিষয়টি আবারও সামনে এনেছে।


এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সাংবাদিক ও সচেতন মহল। একই সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।