ঢাকা-৫ আসনে ইপিজেড গড়ে কর্মসংস্থান সৃষ্টি করা হবে: তারেক রহমান

প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৪ পিএম
ঢাকা-৫ আসনে ইপিজেড গড়ে কর্মসংস্থান সৃষ্টি করা হবে: তারেক রহমান

ডেস্ক রিপোর্টঃ

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ঢাকা-৫ আসনে দ্রুত একটি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ইপিজেড) গড়ে তোলা হবে। এতে অন্তত ছয় লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং এলাকার সামগ্রিক অর্থনৈতিক কাঠামোর উন্নয়ন ঘটবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা-৫ আসনের যাত্রাবাড়ী শহীদ ফারুক হোসেন রোডে অনুষ্ঠিত নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ কর্মসংস্থানের অভাবে ভুগছে। বিএনপি ক্ষমতায় এলে পরিকল্পিতভাবে এখানে ইপিজেড স্থাপন করা হবে, যাতে বেকারত্ব দূর করা যায়। কর্মসংস্থান ছাড়া কোনো দেশের ভাগ্য পরিবর্তন সম্ভব নয়।

তিনি বলেন, দেশ গড়তে হলে প্রয়োজন পরিকল্পনা ও অভিজ্ঞতা। বিএনপিই একমাত্র দল, যাদের কাছে দেশ পরিচালনার বাস্তব অভিজ্ঞতা ও সুস্পষ্ট উন্নয়ন পরিকল্পনা রয়েছে। ইপিজেড প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি সরকারই দেশে প্রথম ইপিজেড চালু করেছিল। কীভাবে ইপিজেড স্থাপন ও পরিচালনা করতে হয়— সেই অভিজ্ঞতা বিএনপির রয়েছে। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই ঢাকা-৫ আসনে ইপিজেড গড়ে তোলা হবে।

তারেক রহমান ২০২৪ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে এ এলাকার মানুষের ভূমিকার কথা স্মরণ করেন। আন্দোলনে নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে এই এলাকার মানুষ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। যারা এই অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গ করেছেন, তাদের প্রতি সম্মান দেখাতে হলে দায়িত্বশীলভাবে ভোটাধিকার প্রয়োগ করতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে নারীদের স্বাবলম্বী করা, কৃষকদের সহায়তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। শুধু ভোটাধিকার নয়, মানুষের মৌলিক নিরাপত্তা, কর্মসংস্থান ও অর্থনৈতিক সচ্ছলতাও গণতন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ।

নারীদের ক্ষমতায়নের বিষয়ে তিনি বলেন, বিএনপি ফ্যামিলি কার্ড চালুর পরিকল্পনা নিয়েছে। এর মাধ্যমে প্রতিটি পরিবারের গৃহিণী সরাসরি সরকারি সহায়তা পাবেন এবং ধীরে ধীরে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবেন।

ছাত্র ও তরুণ সমাজের কর্মসংস্থান প্রসঙ্গে তারেক রহমান জানান, প্রতিটি সংসদীয় আসনে অন্তত একটি করে ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনা রয়েছে। সেখানে কারিগরি ও দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে দেশ ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে।

তিনি আরও বলেন, বিদেশগামী কর্মীদের জন্য স্বল্প সুদে ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে, যাতে বিদেশে যেতে গিয়ে তরুণদের জমি বা পৈতৃক সম্পত্তি বিক্রি করতে না হয়। কৃষকদের জন্য কৃষি কার্ড চালুর ঘোষণাও দেন তিনি। এর মাধ্যমে সার, বীজ ও কীটনাশক সরাসরি কৃষকের হাতে পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি সরকার গঠন হলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হবে বলেও জানান তিনি।

স্বাস্থ্যখাত প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, গ্রামে গ্রামে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হেলথ কেয়ার কর্মী নিয়োগ করা হবে। বিশেষ করে মা-বোনদের চিকিৎসা সেবায় গুরুত্ব দেওয়া হবে।

সবশেষে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারেক রহমান বলেন, যারা জীবন দিয়ে যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সেই বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।

বা/মে২৪/ফা