উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৬

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৬, ০১:১৭ পিএম
উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৬

ফাহিম ইসলাম,বিশেষ প্রতিনিধিঃ

রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের একটি ছয়তলা আবাসিক ভবনের দ্বিতীয় তলায় আগুন লেগে ছয়জন নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটে আগুনের খবর পাওয়া যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে পৌঁছে সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। পুরোপুরি আগুন নেভানো সম্ভব হয় সকাল ১০টার দিকে।

ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে আরও তিনজনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে তিনজন একই পরিবারের – কাজী ফজলে রাব্বি (৩৮), তার স্ত্রী আফরোজা আক্তার সুবর্ণা (৩৭) এবং তাদের ছেলে কাজী ফাইয়াজ রিশান (২)। তাদের ধোঁয়ার কারণে অক্সিজেনের অভাব থেকে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অন্য তিনজন হলেন ১৪ বছর বয়সী রোদেলা আক্তার এবং ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের মো. হারিছ (৫২) ও তার ছেলে মো. রাহাব (১৭)।

উত্তরা পশ্চিম থানার পরিদর্শক মনিরুজ্জামান জানান, কীভাবে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়।

বা/মে২৪/ফা