মানসিক শক্তি মানুষকে টিকিয়ে রাখে।
মানুষের জীবনে সুখ-দুঃখ, প্রাপ্তি-অপ্রাপ্তি, সফলতা-ব্যর্থতা এবং আশা-নিরাশা একে অপরের পরিপূরক। জীবনের প্রতিটি ধাপে মানুষকে নানা ধরনের বাস্তবতার মুখোমুখি হতে হয়। কখনো অর্থের অভাব, কখনো সম্পর্কের সংকট, কখনো সামাজিক অবহেলা, আবার কখনো নিজের ভেতরের অস্থিরতা মানুষকে দুর্বল করে তোলে। কিন্তু এসব প্রতিকূলতার মাঝেও যে শক্তি মানুষকে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে, সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে এবং জীবনের প্রতি আস্থা ফিরিয়ে আনে, সেটিই মানসিক শক্তি।
মানসিক শক্তি কোনো দৃশ্যমান সম্পদ নয়; এটি মানুষের অন্তর্গত এক অমূল্য সামর্থ্য। শারীরিক শক্তি মানুষকে কিছু সময়ের জন্য সহায়তা করতে পারে, কিন্তু দীর্ঘ পথচলায় মানসিক শক্তিই প্রকৃত অবলম্বন হয়ে ওঠে। একজন ব্যক্তি যখন কঠিন বাস্তবতার সম্মুখীন হন, তখন তার সিদ্ধান্ত গ্রহণ, ধৈর্য ধারণ এবং সমস্যার মোকাবিলার ক্ষমতা মূলত মানসিক শক্তির ওপর নির্ভর করে।
অনেকেই বলে থাকেন অর্থ, ক্ষমতা, প্রভাব-প্রতিপত্তি কিংবা সামাজিক অবস্থান। কিন্তু বাস্তবতা ভিন্ন কথা বলে। ইতিহাস সাক্ষ্য দেয়— অনেক ধনী মানুষ হতাশায় জীবন শেষ করেছেন, আবার বহু নিঃস্ব মানুষ সীমাহীন কষ্টের মাঝেও জীবনের প্রতি ভালোবাসা হারাননি। এর মূল কারণ হলো মানসিক শক্তি। মানুষের সবচেয়ে বড় সম্পদ তার ভেতরের দৃঢ়তা, আত্মবিশ্বাস এবং প্রতিকূলতাকে মোকাবিলা করার সক্ষমতা।
মানুষ জন্মের পর থেকেই এক অদৃশ্য প্রতিযোগিতার মধ্যে প্রবেশ করে। পরিবার, সমাজ এবং রাষ্ট্র তাকে নানা প্রত্যাশার মুখোমুখি দাঁড় করায়। সুন্দর চেহারা, ভালো ফলাফল, উচ্চশিক্ষা, ভালো চাকরি, আর্থিক স্বচ্ছলতা, সুখী সংসার— সবকিছুই যেন জীবনের অপরিহার্য শর্ত হিসেবে প্রতিষ্ঠিত হয়। অথচ বাস্তব জীবনে খুব কম মানুষই সবকিছু একসঙ্গে পায়।
কেউ হয়তো শিক্ষাজীবনে সফল কিন্তু পারিবারিক জীবনে ব্যর্থ। কেউ অর্থবিত্ত অর্জন করেছে কিন্তু মানসিক শান্তি হারিয়েছে। কেউ সামাজিক মর্যাদা পেয়েছে কিন্তু নিজের মানুষদের হারিয়েছে। আবার কেউ সবকিছু না পেয়েও অদ্ভুত এক প্রশান্তি নিয়ে জীবন কাটিয়ে দেয়। এই পার্থক্যের মূল কারণ মানুষের মানসিক অবস্থান এবং তার অন্তর্গত শক্তি।
মানুষের জীবনে দুঃখ, কষ্ট কিংবা ব্যর্থতা নতুন কিছু নয়। বরং এগুলো জীবন নামক বিদ্যালয়ের পাঠ্যসূচির অংশ। প্রতিটি ব্যর্থতা মানুষকে নতুন কিছু শেখায়, প্রতিটি আঘাত তাকে আরও পরিণত করে এবং প্রতিটি সংকট তাকে নিজের ভেতরের শক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেয়।
একজন ছাত্র পরীক্ষায় ব্যর্থ হতে পারে। একজন ব্যবসায়ী বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন। একজন প্রেমিক তার প্রিয় মানুষকে হারাতে পারেন। একজন পিতা সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ভুগতে পারেন। একজন বৃদ্ধ নিঃসঙ্গতায় ভেঙে পড়তে পারেন। কিন্তু এদের সবাইকে এক জায়গায় এনে দাঁড় করায় একটি প্রশ্ন—তারা কি ভেঙে পড়বেন, নাকি আবার উঠে দাঁড়াবেন ?
এই ‘আবার উঠে দাঁড়ানোর’ শক্তির নামই মানসিক শক্তি।
মানসিক শক্তি কোনো জন্মগত অলৌকিক ক্ষমতা নয়। এটি গড়ে ওঠে অভিজ্ঞতা, শিক্ষা, আত্মসমালোচনা এবং বাস্তবতার মুখোমুখি হওয়ার মাধ্যমে। জীবনের প্রতিটি সংগ্রাম মানুষকে হয় দুর্বল করে দেয়, নয়তো আরও শক্তিশালী করে তোলে। যারা কষ্টকে শিক্ষা হিসেবে গ্রহণ করতে পারে, তারা ধীরে ধীরে মানসিকভাবে পরিণত হয়ে ওঠে।
বর্তমান যুগে মানুষের মানসিক সংকট আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। সামাজিক যোগাযোগমাধ্যম মানুষকে অন্যের জীবনের সঙ্গে নিজের জীবনের তুলনা করতে বাধ্য করছে। কেউ নিজের বাস্তবতা ভুলে অন্যের সাফল্যের ছবি দেখে হতাশ হয়ে পড়ে। কেউ নিজের অর্জনকে তুচ্ছ মনে করে। কেউ নিজের জীবনকে ব্যর্থ মনে করতে শুরু করে।
এই তুলনার সংস্কৃতি মানুষের ভেতরের শান্তিকে ধ্বংস করছে। অথচ প্রতিটি মানুষের জীবন আলাদা, সংগ্রাম আলাদা, সক্ষমতা আলাদা এবং নিয়তিও আলাদা। এই সত্য উপলব্ধি করতে পারলে মানসিক চাপ অনেকাংশে কমে যায়।
মানসিক শক্তির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ধৈর্য। আধুনিক মানুষ দ্রুত ফলাফল চায়। কিন্তু প্রকৃতির নিয়ম ভিন্ন। একটি বীজ যেমন রাতারাতি বিশাল বৃক্ষে পরিণত হয় না, তেমনি মানুষের স্বপ্নও একদিনে বাস্তব হয় না। সময়, শ্রম, ত্যাগ এবং অপেক্ষার প্রয়োজন হয়।
যারা ধৈর্য ধারণ করতে পারে, তারা দীর্ঘমেয়াদে সফল হওয়ার সম্ভাবনা বেশি রাখে। কারণ তারা সাময়িক ব্যর্থতায় ভেঙে পড়ে না। তারা জানে প্রতিটি রাতের পর যেমন সকাল আসে, তেমনি প্রতিটি কঠিন সময়ের পরও নতুন সম্ভাবনা অপেক্ষা করে।
জীবনের সবচেয়ে বড় যুদ্ধগুলো অনেক সময় বাইরের পৃথিবীর সঙ্গে নয়, নিজের ভেতরের ভয়, হতাশা এবং অনিশ্চয়তার সঙ্গে হয়। একজন মানুষ বাইরে যত শক্তিশালীই দেখাক না কেন, তার ভেতরে হয়তো হাজারো দুশ্চিন্তা লুকিয়ে থাকে। কিন্তু যারা নিজেদের মনকে নিয়ন্ত্রণ করতে শেখে, তারা সংকটের মধ্যেও স্থির থাকতে পারে।
আত্মবিশ্বাস মানসিক শক্তির অন্যতম ভিত্তি। আত্মবিশ্বাস মানে নিজের ওপর অন্ধ বিশ্বাস নয়; বরং নিজের সীমাবদ্ধতা জেনেও এগিয়ে যাওয়ার সাহস। আত্মবিশ্বাসী মানুষ জানে সে ভুল করতে পারে, ব্যর্থ হতে পারে, কিন্তু তবুও চেষ্টা চালিয়ে যেতে হবে।
মানুষের জীবনে এমন অনেক মুহূর্ত আসে, যখন চারপাশের সবাই তাকে ছেড়ে চলে যায়। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব কিংবা পরিচিতজন কেউ পাশে থাকে না। তখন মানুষ বুঝতে পারে তার প্রকৃত আশ্রয় তার নিজের মন। সেই মন যদি শক্ত থাকে, তবে একাকীত্বও তাকে পরাজিত করতে পারে না।
জীবনের প্রতিটি অধ্যায়ই একেকটি পরীক্ষা। শৈশবের পরীক্ষা এক রকম, যৌবনের পরীক্ষা আরেক রকম, বার্ধক্যের পরীক্ষা ভিন্ন রকম। কিন্তু প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রয়োজন মানসিক দৃঢ়তা।
পৃথিবীর ইতিহাসে যেসব মানুষ যুগান্তকারী কাজ করেছেন, তাদের অধিকাংশই জীবনের কোনো না কোনো পর্যায়ে কঠিন সংকটের মুখোমুখি হয়েছেন। তারা সফল হয়েছেন কারণ তারা হাল ছাড়েননি। তাঁরা বুঝেছিলেন, মানুষের প্রকৃত শক্তি তার শরীরে নয়, তার মনের ভেতরে।
পরিশেষে বলা যায়, মানুষের জীবনকে টিকিয়ে রাখে তার মানসিক শক্তি। অর্থ, সৌন্দর্য, ক্ষমতা কিংবা জনপ্রিয়তা জীবনের সব সমস্যার সমাধান নয়। কিন্তু একটি শক্তিশালী মন অনেক সমস্যার মোকাবিলা করতে পারে। জীবনের ঝড় যত বড়ই হোক, যার মন দৃঢ়, তার পথচলা থেমে যায় না।
তাই আমাদের উচিত মানসিক শক্তিকে গুরুত্ব দেওয়া, নিজেকে জানার চেষ্টা করা, ব্যর্থতাকে শিক্ষায় পরিণত করা এবং জীবনের প্রতিটি মুহূর্তকে নতুন সম্ভাবনা হিসেবে গ্রহণ করা। কারণ মানুষকে শেষ পর্যন্ত টিকিয়ে রাখে তার ভেতরের অদম্য সাহস, তার আশাবাদ এবং তার মানসিক শক্তি।
ওমায়ের আহমেদ শাওন
(লেখক, দার্শনিক ও গণমাধ্যম বিশ্লেষক)









