নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ, অশ্লীলতা বন্ধের নির্দেশনা

প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পিএম
নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ, অশ্লীলতা বন্ধের নির্দেশনা

সংগৃহীত

বিনোদন ডেস্ক


জাতীয় সংগীত অবমাননা ও সাংবাদিক হয়রানির অভিযোগে চিত্রনায়িকা পরীমনিকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার জন্য আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে সব ধরনের অশ্লীল কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এ নোটিশ পাঠিয়েছেন।


রোববার (৮ নভেম্বর) শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনি এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের ঠিকানায় এ নোটিশ পাঠানো হয়।


নোটিশে আগামী সাত দিনের মধ্যে আদালত প্রাঙ্গণে সংঘটিত ঘটনার জন্য লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে বলা হয়েছে।


একই সঙ্গে ভবিষ্যতে অশ্লীল কথাবার্তা বা সংলাপ, হুমকি, অশ্লীল অভিনয়, অঙ্গভঙ্গি এবং নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য থেকে সম্পূর্ণ বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।


নোটিশে আরও বলা হয়েছে, চলচ্চিত্র, ভিডিও, অডিও-ভিজ্যুয়াল চিত্র, স্থিরচিত্র, গ্রাফিকস কিংবা অন্য কোনো মাধ্যমে ধারণ ও প্রদর্শনযোগ্য এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না, যার শৈল্পিক বা শিক্ষাগত মূল্য নেই।


উল্লেখ্য, গত বৃহস্পতিবার চিত্রনায়িকা পরীমনি ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আত্মসমর্পণ করে জামিন পান। আদালত থেকে বের হওয়ার সময় এক সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নিয়ে তাঁকে গালিগালাজ করার অভিযোগ ওঠে পরীমনির বিরুদ্ধে।


এ ছাড়া পরীমনির সঙ্গে আসা নিরাপত্তারক্ষীদের ধাক্কায় আদালতে আসা এক বিচারপ্রার্থীর মাথা ফেটে যায় বলে জানা গেছে।


ওই দিন পরীমনির আদালতে আসাকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এর আগের দিন আদালত তাঁর জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। পরে আদালতে হাজির হয়ে ৫০০ টাকা মুচলেকায় জামিন পান তিনি।


এমকে/বিএম২৪