গোয়ালঘর থেকে উদ্ধার ১০ লাখ শলাকা সন্দেহভাজন নকল ডার্বি সিগারেট
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি:
মোরেলগঞ্জ পৌরসভার সানকিভাঙ্গা এলাকায় শনিবার (১৪ জুন) বিকেলে চালানো অভিযানে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ একটি গোয়ালঘর থেকে বিপুল পরিমাণ কথিত নকল ডার্বি সিগারেট উদ্ধার করেছে। ঘটনাস্থলটি ক্রাউন টোবাকো ইন্ডাস্ট্রিজের সংলগ্ন বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিক হিসাবে উদ্ধার হওয়া সিগারেটের পরিমাণ প্রায় ১০ লাখ শলাকা। এছাড়া আরও কয়েক লাখ সিগারেট ও সিগারেট তৈরির উপকরণ জব্দ করা হয়েছে বলে অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানিয়েছেন। একই সঙ্গে মোরেলগঞ্জ থানা পুলিশ চুরি যাওয়া বলে দাবি করা কিছু যন্ত্রাংশ ও মালামাল উদ্ধার করে থানায় নেয়।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ডিবি পুলিশের পরিদর্শক মো. নজরুল ইসলাম, কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট বিভাগের সহকারী কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন, এসআই উত্তম কুমার, গ্রীন বাংলা টোবাকোর মালিক সোমনাথ দে এবং স্থানীয় ডার্বি সিগারেট পরিবেশক প্রতিনিধি মাসুদ করিম টিটু।
সোমনাথ দে দাবি করেন, তার কারখানা থেকে আগে কয়েক কোটি টাকার মেশিন ও কাঁচামাল চুরি হয়েছিল। আদালতে মামলা দায়েরের পর আদালতের নির্দেশে উদ্ধার অভিযান শুরু হয়। তিনি বলেন, উদ্ধার হওয়া কিছু মালামাল তার কারখানার বলে তিনি শনাক্ত করেছেন।
মাসুদ করিম টিটু অভিযোগ করেন, ক্রাউন টোবাকো ইন্ডাস্ট্রিজে ডার্বি ব্র্যান্ডের নকল সিগারেট তৈরি করে বাজারে ছাড়ার কার্যক্রম চলছিল। তার ভাষ্য, কারখানার পাশের গোয়ালঘর থেকেই বিপুল পরিমাণ নকল সিগারেট উদ্ধার হয়েছে।
ডিবি পরিদর্শক নজরুল ইসলাম বলেন, উদ্ধারকৃত সিগারেটগুলো নকল কি না তা যাচাই করা হচ্ছে, তবে প্রাথমিকভাবে এগুলো নকল ডার্বি বলে সন্দেহ হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মোরেলগঞ্জ থানার ওসি মো. মাহমুদুর রহমান জানান, আদালতের আদেশের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় কারখানায় তালা পাওয়া যায় এবং মালিক বা কর্মচারীদের কাউকে পাওয়া যায়নি।









