কুতুবদিয়ায় তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৮ পিএম
কুতুবদিয়ায় তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

কুতুবদিয়া প্রতিনিধি:

রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫—কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা জনাব ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার। পরিদর্শনকৃত বিদ্যালয়গুলো হলো—উত্তর লেমশীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব ধূরুং সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

পরিদর্শনকালে তিনি প্রতিটি বিদ্যালয়ের অবকাঠামো, পাঠদান পদ্ধতি, শিক্ষার্থীদের উপস্থিতি, শিক্ষকদের কার্যক্রম ও সার্বিক শিক্ষা পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। বিদ্যালয়গুলোর শৃঙ্খলা, পরিচ্ছন্নতা, শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং শিক্ষকদের আন্তরিকতা দেখে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।

এসময় ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। তিনি শিক্ষার্থীদের স্বপ্ন বড় করে দেখা, নিয়মিত পড়াশোনা, নৈতিকতা চর্চা এবং প্রযুক্তিগত জ্ঞান অর্জনে উৎসাহ দেন।

শিক্ষকদের উদ্দেশে তিনি দায়িত্বশীলতা, পাঠদানের মান উন্নয়ন, সমান মনোযোগ প্রদান এবং বিদ্যালয়কে শিক্ষাবান্ধব পরিবেশে গড়ে তোলার আহ্বান জানান।

উপদেষ্টা মহোদয় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে শিক্ষার মানোন্নয়নে করণীয় বিষয়ে মতবিনিময় করেন। তিনি বলেন, স্থানীয় জনগণের সহযোগিতা ছাড়া শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা সম্ভব নয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি দেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থার একটি বড় সংকট তুলে ধরে বলেন—

“বাংলাদেশের ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। একটি ছোট মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ সংকট কাটছে না। এই দীর্ঘসূত্রতায় আমি দুঃখিত। মামলাটির দ্রুত নিষ্পত্তির জন্য সর্বাত্মক চেষ্টা চলছে।”

পরিদর্শন শেষে তিনি কুতুবদিয়ার নবনির্মিত বাতিঘর পরিদর্শন করেন। এসময় তিনি বলেন,

“দ্বীপের নিরাপদ নৌ-চলাচল, জেলেদের দিকনির্দেশনা এবং পর্যটন বৃদ্ধিতে এই বাতিঘর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তার এই সফরে উপজেলা প্রশাসন, শিক্ষা কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।