৪৮ ঘণ্টার জীবনযুদ্ধের অবসান, ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

প্রকাশিত: ১১ জুলাই ২০২৬, ১০:০২ পিএম
৪৮ ঘণ্টার জীবনযুদ্ধের অবসান, ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেল চালক মৃদুল সরকার (২৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। টানা ৪৮ ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়াই করার পর শনিবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত মৃদুল সরকার উপজেলার মূলঘর ইউনিয়নের পুঁটিয়া গ্রামের বাসিন্দা মিলন সরকারের ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৯ জুলাই সকাল ১০টার দিকে মৃদুল মোটরসাইকেলে করে বাড়ি থেকে ফকিরহাট বাজারের উদ্দেশ্যে রওনা দেন। পথে আট্টাকী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা যান।

মোড়েলগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার জানান, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।