উপকূলে ট্রলারডুবি, ৪ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১
কুতুবদিয়া প্রতিনিধি:
কক্সবাজারের কুতুবদিয়া উপকূলের বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় চার জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে কুতুবদিয়া সৈকত থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনো একজন জেলে নিখোঁজ রয়েছেন।
নিহতরা হলেন— কুতুবদিয়া উপজেলার দক্ষিণ অমজাখালী এলাকার শামসুল আলমের ছেলে মোহাম্মদ নাফিজ (২০), আবুল কাশেমের ছেলে মো. করিম (২১), আব্দুল মাবুদের ছেলে আইয়ুব মনির (২০) এবং কুতুবদিয়ার আলী আকবর ডেইল হায়দারপাড়ার কামাল (৪৮)।
এ ঘটনায় পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের কাগপাড়া এলাকার নাছির উদ্দীন (২১) নামে এক জেলে এখনও নিখোঁজ রয়েছেন। এর আগে সোমবার ভোরে দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় সাত জেলেকে জীবিত উদ্ধার করা হয়।
কুতুবদিয়া মৎস্য ফেডারেশনের সভাপতি আবুল কালাম জানান, বড়ঘোপ দক্ষিণ অমজাখালীর নুরুল আবছারের মালিকানাধীন এফবি ফকিরা মসজিদ নামের মাছ ধরার ট্রলারটি ১২ জন মাঝি-মাল্লা নিয়ে গভীর সাগরে মাছ ধরতে যায়। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে বৈরী আবহাওয়ার মধ্যে ট্রলারটি ডুবে যায়।
কুতুবদিয়া থানার ওসি (তদন্ত) ফারুক আহমেদ বলেন, ট্রলারডুবির ঘটনায় চার জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং একজন এখনও নিখোঁজ রয়েছেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।









