২৪ ঘণ্টার ব্যবধানে কমল সোনার দাম, ভরিতে হ্রাস ৩,২৬৬ টাকা

প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৬, ১২:৪৫ পিএম
২৪ ঘণ্টার ব্যবধানে কমল সোনার দাম, ভরিতে হ্রাস ৩,২৬৬ টাকা

সূত্রঃ ফাইল ছবি



দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনার গহনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ভ্যাটসহ নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা।


বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।


বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।


নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৩ হাজার ১৪৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ২ হাজার ৬৮২ টাকা কমে হয়েছে ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকা।


উল্লেখ্য, এর মাত্র ২৪ ঘণ্টা আগে, ৬ আগস্ট বাজুস ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৯ হাজার ৮৫৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করেছিল। ওই মূল্য ৭ আগস্ট সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত কার্যকর ছিল।


এদিকে, সোনার দাম কমলেও রুপার গহনার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ৪ হাজার ৮৯৯ টাকা, ২১ ক্যারেটের ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার গহনার দাম ৩ হাজার ৩৩ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।