স্বস্তি ফিরছে বাজারে, কমেছে সবজির দাম

প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৬, ১১:৫৪ এএম
স্বস্তি ফিরছে বাজারে, কমেছে সবজির দাম

সূত্রঃ ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক




রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে কয়েক সপ্তাহের তুলনায় সবজির দাম কিছুটা কমেছে। টানা বৃষ্টির কারণে সরবরাহ সংকট তৈরি হওয়ায় যে সবজি ১০০ থেকে ১২০ টাকার নিচে পাওয়া যাচ্ছিল না, তার বেশিরভাগই এখন ৬০ থেকে ৮০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তবে কিছু সবজির দাম এখনো ১০০ টাকার ওপরে রয়েছে।


শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। একই সঙ্গে কাঁচা মরিচের দামও কিছুটা কমেছে। কয়েকদিন আগে প্রতি কেজি ৪০০ টাকা পর্যন্ত ওঠা কাঁচা মরিচ এখন বিক্রি হচ্ছে ৩২০ টাকায়।


বর্তমানে প্রতি কেজি বরবটি ৮০ টাকা, ঝিঙা ১০০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, ধন্দুল ৬০ টাকা, শসা ৬০ টাকা, পটল ৬০ টাকা, টমেটো ১৬০ টাকা, ঢ্যাঁড়স ৬০ টাকা এবং পেঁপে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।


এ ছাড়া লাউ প্রতি পিস ৬০ থেকে ৮০ টাকা, মুলা ৮০ টাকা, জালি ৬০ টাকা, গোল বেগুন ১০০ টাকা, গাজর ১০০ টাকা, কচু ৮০ টাকা, করলা ১০০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা এবং কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।


সাপ্তাহিক ছুটির দিনে মালিবাগ বাজারে কেনাকাটা করতে আসা সরকারি চাকরিজীবী রইস উদ্দিন বলেন, গত কয়েক সপ্তাহের তুলনায় বাজারে সবজির দাম কিছুটা কমেছে। যদিও কিছু সবজির দাম এখনো ১০০ টাকার আশপাশে রয়েছে, তবে অনেক সবজি ৬০ থেকে ৮০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। কাঁচা মরিচের দামও আগের তুলনায় কমেছে।


রামপুরা বাজারের সবজি বিক্রেতা এনামুল হক জানান, টানা বৃষ্টিতে অনেক ক্ষেতের সবজি নষ্ট হওয়ায় সরবরাহ কমে গিয়েছিল। সে কারণেই গত কয়েক সপ্তাহ বাজারে দাম বেড়ে ছিল। বর্তমানে সরবরাহ কিছুটা স্বাভাবিক হওয়ায় দাম কমতে শুরু করেছে। তিনি বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে এবং আবার টানা বৃষ্টি না হলে আগামী দিনগুলোতে সবজির দাম আরও স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে।




এমকে/বিএম২৪