খুলনা পাইকগাছায় যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যাচেষ্টা, থানায় অভিযোগ দায়ের
বোরহান কবির, খুলনা প্রতিনিধি:
খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের ফতেপুর গ্রামে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে স্বামীর বোনও গুরুতর আহত হন। আহত দুইজন বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগীর পিতা মো. আবুবক্কর সিদ্দিক (৫১), বটিয়াঘাটা উপজেলার কৃষ্ণনগর (মোহাম্মদনগর) গ্রামের বাসিন্দা, পাইকগাছা থানায় দায়েরকৃত এজাহারে এ অভিযোগ করেন।
এজাহার সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে ইসলামী শরীয়ত মোতাবেক মো. আরিফুল সানা (২৪)-এর সঙ্গে তার মেয়ে টুরজাহান আক্তারের (২১) বিবাহ হয়। দাম্পত্য জীবনে তাদের একটি ৯ মাস বয়সী পুত্র সন্তান রয়েছে।
অভিযোগে বলা হয়েছে, বিয়ের পর থেকেই ব্যবসার জন্য তিন লাখ টাকা যৌতুকের দাবিতে টুরজাহান আক্তারের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন তার স্বামী। গত ২৯ জুন ২০২৬, সোমবার রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে স্বামী পুনরায় যৌতুকের টাকা দাবি করলে টুরজাহান আক্তার তার বাবার আর্থিক অসচ্ছলতার কথা জানিয়ে টাকা আনতে অপারগতা প্রকাশ করেন।
এতে ক্ষিপ্ত হয়ে স্বামী আরিফুল সানা ঘরে থাকা একটি ধারালো দা দিয়ে টুরজাহান আক্তারের মাথা, ঘাড়, দুই হাত, কানসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ সময় টুরজাহানকে রক্ষা করতে এগিয়ে এলে আরিফুলের বোন হেনা বেগমও ধারালো অস্ত্রের আঘাতে আহত হন। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আহত দুজনকে উদ্ধার করে প্রথমে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার করেন।
বর্তমানে আহত টুরজাহান আক্তারের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে পরিবার জানিয়েছে।
ভুক্তভোগীর পিতা জানান, ঘটনার খবর পেয়ে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে মেয়ে ও অপর আহত ব্যক্তির সঙ্গে কথা বলে এবং পরিবারের সদস্যদের সঙ্গে পরামর্শক্রমে পাইকগাছা থানায় লিখিত এজাহার দায়ের করেন।
এ বিষয়ে পাইকগাছা থানায় যৌতুকের দাবিতে হত্যাচেষ্টার অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।








