চুরির অভিযোগে গণপিটুনিতে ১ ব্যক্তির মৃত্যু

প্রকাশিত: ০৮ জুন ২০২৬, ০৪:২৫ পিএম
চুরির অভিযোগে গণপিটুনিতে ১ ব্যক্তির মৃত্যু

সোহরাব হোসেন,  সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: 

মানিকগঞ্জের সিংগাইরে চুরির অভিযোগে গণপিটুনিতে রাজীব (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (৮ জুন) ভোররাতে উপজেলার সায়েস্তা ইউনিয়নের বান্দাইল ( জিয়ানগর) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাজীব পার্শ্ববর্তী ঢাকার নবাবগঞ্জ উপজেলার দত্তখন্ড গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার ফুলবরের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার বান্দাইল গ্রামের বাসিন্দা মোহাম্মদ হাকিম আলীর বাড়িতে চুরির ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, রাজীব বাড়ির টিনশেড ঘরের উত্তর পাশের জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে। এ সময় তার ৪-৫ জন সহযোগী বাড়ির বাইরে অবস্থান করছিল। 

অভিযোগ অনুযায়ী, ঘরে প্রবেশের পর নগদ প্রায় ৪ লাখ টাকা ও ৪ ভরি স্বর্ণালংকার নিয়ে বাইরে থাকা সহযোগীদের কাছে হস্তান্তর করা হয়। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এ সময় গৃহকর্তা মোহাম্মদ হাকিম আলী বিষয়টি টের পেয়ে বাধা দিলে রাজীবের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে গৃহকর্তা মাথার ডান পাশে আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর এলাকাবাসী রাজীবকে আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, নিহত রাজীব একজন পেশাদার ডাকাত। তার বিরুদ্ধে এলাকায় একাধিক চুরি ও ডাকাতির অভিযোগ রয়েছে ।

এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন ,খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।